সিলেট থেকে: দর্শকদের সুবিধা, মাঠ রক্ষণাবেক্ষণ ও শিশিরের প্রভাব থেকে বাঁচতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা পর্ব থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। গত আসরেও একই কারণে এগিয়ে আনা হয়েছিল ম্যাচ শুরু সময়।
নতুন সময়সূচি অনুযায়ী দুপুরের ম্যাচ আধাঘণ্টা এগিয়ে দুইটার পরিবর্তে দেড়টায়, রাতের ম্যাচ এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ছয়টায় শুরু হবে বলে জানিয়েছেন মল্লিক। ম্যাচের সময় এগিয়ে আনার পেছনে রাতে দর্শকদের বাসায় ফিরতে যানবাহন সংকট, মাঠ রক্ষণাবেক্ষণের ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ চলাকালীন সময়ে মল্লিক বলেন, ‘ঢাকা ফেস থেকে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হবে। খেলা শেষে দর্শকদের ফিরে যেতে ভোগান্তি হয়। ডিউ ফ্যাক্টর (শিশির) থাকে। প্রত্যেকদিন খেলা থাকায় মাঠ রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে যায়। একটু আগে হলে তারা মাঠ ঠিক রাখতে সময় পাবে। দুই ম্যাচের মাঝখানে বিরতি কমিয়ে সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচ আর দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ।’
কার্তিকের একদম শেষভাগে সিলেটে গড়িয়েছে বিপিএলের পঞ্চম আসর। সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে শিশির। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিশিরে মাঠ ভিজে একাকার। ঢাকায় ফেরার আগেই তাই সময়সূচি নিয়ে ভাবতে হয়েছে বিপিএল কাউন্সিলকে।
বিপিএলের সিলেট পর্ব শেষ হবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর থেকে ঢাকায় গড়াবে খেলা।







