একসময়ে ব্যস্ত মডেল ও অভিনেত্রী সারিকা। বিয়ের পর সংসার ও সন্তান নিয়ে
মিডিয়ার সব জায়গা নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। কিন্তু অভিনয়ের নেশায় এ অভিনেত্রী দীর্ঘ তিন বছর পর আবারো ছোট পর্দায় ফিরছেন।
জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজের হাত ধরে তার এ প্রত্যাবর্তন। ‘আমি তুমি’ শিরোনামের একটি নাটকে এ প্রজন্মের অভিনেতা জোভানের বিপরীতে কাজ করবেন ‘বাংলালিংক’ খ্যাত মডেল সারিকা।
‘আমি তুমি’ নাটকটি ঈদুল আজহার জন্য নির্মাণ করছেন নির্মাতা রাজ। প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি আগামী ১৪ থেকে ১৬ আগস্ট একটি কলোনীতে নাটকটির দৃশ্যধারণ হবে।
অভিনেত্রী সারিকা সবশেষ অভিনয় করেন আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনার ‘তবুও রাত কেটে যায়’ নাটকে।
২০১৪ সালের ১২ আগস্ট ব্যবসায়ী মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা। ২০০৬ সালে একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হয়ে নজর কাড়েন সারিকা। এর চার বছরপর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।







