আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে দুই বোলার তাসকিন এবং আরাফাত সানির বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলের দিকে তাকিয়ে বিসিবি।
আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হবে দু’একদিনের মধ্যে। বিসিবি’র আশা বোলিং অ্যাকশনের পরীক্ষার ইতিবাচক ফল পেলে দুই বোলার তাসকিনও সানিকে নিয়েই সাজানো হবে স্কোয়াড।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তাসকিন সানির ব্যাপারে আমরা আশাবাদী। ওদের পরীক্ষার আগে বিভিন্ন কোচের কাছে অনুশীলন করেছে, কারো ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেননি কোচরা। তাই তাদের ফলের দিকে তাকিয়ে রয়েছি আমরা। ফলাফল ইতিবাচক হলে নিশ্চিত স্কোয়াড পরিবর্তন হবে।
আন্তর্জাতিক সিরিজের পাশপাশি একই সময়ে চলবে ঘরোয়া আসর। চারদিনের ম্যাচের প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর। ওয়ানডে দলের বাইরে থাকা সব ক্রিকেটার অংশ নেবে এবারের আসরে। পেস বোলিং সহায়ক বাউন্সি উইকেটে খেলার ব্যবস্থা করেছে আয়োজক বিসিবি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়্যারম্যান সাইফুল আলম স্বপন বলেন, জাতীয় ক্রিকেট লিগের জন্য অনেক আগের থেকেই পিচ তৈরির কাজ শুরু করা হয়েছে। এবার পেস সহায়ক পিচেই জাতীয় ক্রিকেট লিগ হবে।
দশ মাস পর হোম সিরিজ নিয়ে সরব হচ্ছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর শুরু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মিরপুরের হোম অফ ক্রিকেটে টানা তৃতীয় দিন ফ্লাডলাইটে অনুশীলনে ব্যস্ত মাশরাফি ও তার দল। ‘টিম-টাইগার্স’র বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে বুধবার বিকেলে ঢাকা আসছে আফগানিস্তান দল।







