ওপেনিং জুটিতে তামিম ইকবাল পাচ্ছেন না নির্ভরযোগ্য একজন সঙ্গী। বছরের পর বছর অনেক ক্রিকেটারকে দিয়েই চেষ্টা চলেছে, কিন্তু থিতু হতে পারেননি কেউই। নিকটঅতীতে ইমরুল, সৌম্য, বিজয়, লিটন হয়েছেন তামিমের উদ্বোধনী সঙ্গী।
তাদের কেউই প্রত্যাশা মেটাতে পারেননি, দিতে পারেননি আস্থার প্রতিদান। তবুও হতাশ নন তামিম। অন্য ওপেনারদের সামর্থ্যের ওপর ভরসা রাখতে চান এ বাঁহাতি ওপেনার।
‘এটা হতাশার না। হয়ত তাদের সেইরকম পারফরম্যান্স হচ্ছে না। কিন্তু আমি দলে সাথে থেকে জানি, যারাই দলে এই দায়িত্ব পালন করছেন তারা সবাই প্রচণ্ড পরিমাণ চেষ্টা করে। যতটুকু নিজেদের উন্নতি করা দরকার সেটা তারা করছে। হয়ত প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না। কিন্তু আমার কারো সামর্থ্যের উপর কোনো সন্দেহ নেই। আমার সাথে যে-ই ব্যাট করেছে তারা সবাই যোগ্য, বাংলাদেশের হয়ে অন্তত দশ বছর সার্ভিস দেয়ার জন্য।’
সামনে এশিয়া কাপ, টানা দুটি হোম সিরিজ, নিউজিল্যান্ড সফর, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর। টানা খেলার মধ্যে থাকবে বাংলাদেশ দল। ওপেনিং জুটি নিয়ে ভাবনা এসেই যায়। তামিমের ভাবনা যদিও ইতিবাচক।
সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক তামিম মনে করেন অন্য ওপেনাররা আপন ছন্দে কয়েকটা ইনিংস খেলতে পারলেই সমস্যা থেকে মুক্তি পাবে বাংলাদেশ, ‘আমার কাছে মনে হয় দুই-একটা ম্যাচ দরকার তাদের, ভালো একটি ইনিংস হলেই ওরা স্থায়ী হয়ে যাবে।’








