টানা দুইদিনের অবিরাম বৃষ্টিতে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। প্রচন্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার অনুশীলনও করতে পারেননি কোনো দল। শুক্রবার সকাল থেকেও সারা দেশের মতো ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে।
আকাশে যত মেঘই থাকুক তবু শিকারের আশায় টাইগার বাহিনী। নিজের ফেসবুক পেজে এমনই আশার কথা জানান উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিক লিখেন, আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে কিন্তু আশা করি বৃষ্টি থেমে যাবে যাতে করে টাইগাররা শিকারে যেতে যাবে।
সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে। কিন্তু দর্শকদের জন্য দু:সংবাদ ভারত সিরিজে থাকলেও এই ওয়ানডে সিরিজে কোনো ম্যাচের জন্যই রিজার্ভ-ডে’র ব্যবস্থা নেই। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে আগামী ১২ ও ১৫ জুলাই।






