গতকাল নিউইর্য়কের আকাশ চকচকে ছিল না। ছিল মেঘের গর্জন আর সাথে বৃষ্টি। আর তাই বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনা ও স্পেন দুদলের কেউই ঠিকমতো অনুশীলন করতে পারেনি। শনিবার সকালে নিউজার্সি এবং নিউইর্য়কের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টির একটি শক্তিশালী মেঘমালা ছেয়ে যায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দল যখন শেষ অনুশীলনের জন্য মাঠে নামার প্রস্ততি নিচ্ছিল, তখন প্রবল বর্ষণের সঙ্গে বজ্রপাতও শুরু। ফলে নিরাপত্তার কারণে শুরুতে মাঠে নামা সম্ভব হয়নি। অনুশীলন তাই জিমনেসিয়ামে সরিয়ে নেওয়া হয়। সেখানে খেলোয়াড়রা ইনডোরে ফিটনেস ও অন্যান্য অনুশীলন চালিয়ে যান। অন্যদিকে, স্পেনের ভাগ্য ততটা ভালো ছিল না। কোচ লুইস দে লা ফুয়েন্তের দল তাদের নির্ধারিত অনুশীলন পুরোপুরি বাতিল করতে বাধ্য হয়। মাঠে অনুশীলনের পরিবর্তে খেলোয়াড়রা হোটেলের ভেতরে হালকা অ্যাক্টিভেশন সেশন করেন, ফাইনালের প্রস্তুতি মাথায় রেখে।
সে যাক, আর কয়েকঘণ্টা পরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের পর দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও স্পেনকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ১৬ বছর পর স্পেন যেমন চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করতে চায়, ঠিক তেমনি আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হয়ে এক অনবদ্য ইতিহাস গড়তে চায়। আজকের এই ঐতিহাসিক ম্যাচকে একেকজন একেকভাবে বর্ণনা করছেন। কারো মতে এটি যেমন স্কালোনি ও ফুয়েন্তের লড়াই, তেমনি কারো কারো মতে এটি মেসি ও ইয়ামালের লড়াই। কিন্তু এই এ লড়াইয়ে কে জিতবে?
আজ বিশ্বকাপের চতুর্থবারের মতো শিরোপা জয়ের অদম্য স্বপ্ন নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এবারের টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার সাফল্যের বড় ভিত্তি ছিল দলগত ফুটবল, শক্তিশালী রক্ষণ, কার্যকর মাঝমাঠ এবং আক্রমণে লিওনেল মেসির অনবদ্য নেতৃত্ব। মেসি শুধু গোল বা অ্যাসিস্টেই সীমাবদ্ধ নন, পুরো দলের আক্রমণভাগকে পরিচালনা করেছেন অসাধারণ দক্ষতায়। তার সঙ্গে ফ্রন্ট লাইনে জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, অ্যাটাকিং মিডফিল্ডে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডে পলের মতো ফুটবলাররা আর্জেন্টিনাকে পাহাড় চুঁড়াতে নিয়ে এসেছেন।
অন্যদিকে স্পেন নতুন প্রজন্মের আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সের মতো দলকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি আবারও নিজেদের ঐতিহ্যবাহী বল দখলের ফুটবলকে আধুনিক গতির সঙ্গে মিলিয়ে দুর্দান্ত ছন্দে খেলছে। দ্রুত ছোট ছোট পাস, উচ্চ প্রেসিংয়ে স্পেন অনবদ্যই। বিশেষজ্ঞদের মতে, স্পেন ও আর্জেন্টিনার ফুটবল দর্শনের পার্থক্যই এই ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বলা হচ্ছে আর্জেন্টিনা আবেগ, লড়াই ও সৃজনশীলতার প্রতীক। আর আর স্পেন পরিচিত বল দখল এবং নিখুঁত পাসিং ফুটবলের জন্য। আর তাই আজকের ম্যাচে দুই ধরনের ফুটবল কৌশলের ছন্দময় লড়াই দেখা যাবে।
আজ আর্জেন্টিনা ও স্পেনের মাঝে ছন্দময় লড়াই দেখা যাবে এমনটি ভাবছেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকারাও। কিন্তু ঘুরেফিরে সবারই বদ্ধমূল ধারণা আজকের ম্যাচে স্পেন নয়, আর্জেন্টিনাই ফেভারিট। শেষমেশ শিরোপা তারাই নিয়ে যাবে। কেন এমন ভাবছেন সাবেক তারকারা। সাবেক ফুটবল তারকা শেখ মোহাম্মদ আসলাম এবারের বিশ্বকাপের ওপর ভালো নজরদারি রেখেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে তিনি মিডিয়াতে বেশ সরব ছিলেন। শেখ মোহাম্মদ আসলামের মতে, আজকের ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি বা ফাটাফাটি। অনেকটা গত বিশ্বকাপের মতোই হবে। শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলা যাবে না কোন দল জয়ী হবে। যেকোনো দলই জয়ী হতে পারে। তবে এগিয়ে আছে আর্জেন্টিনা। শেষ দুটি ম্যাচে তারা প্রমাণ করেছে গোল খেয়েও শোধ দেওয়া যায়, জয়ী হওয়া যায়। এই দৃঢ়তা, এই আত্মবিশ্বাস আর্জেন্টিনার জন্য এক বিরাট সম্পদ।’
শেখ আসলাম আরও বললেন, ‘আর্জেন্টিনা গোল খেয়েও হারছে না। সেমিফাইনালে মাত্র ছয় মিনিটে এই দলটি যা করেছে তা রীতিমতো আত্মবিশ্বাস। হয়ত আজও সেটাই হবে।’
সাবেক তারকা ফুটবলার মাসুদ রানাও মনে করেন আজও হবে আর্জেন্টিনার দিন। খুব খারাপ দিন না এলে আর্জেন্টিনা আজ উড়তে থাকবে। তাদের দলীয় সংহতির চিত্রটা অন্যরকম। মাসুদ রানা বললেন, ‘আর্জেন্টিনার লড়াইটা খুব ভালো লাগছে। গোল খাওয়ার পর হাল ছাড়ছে না। গোল শোধে মরিয়া হয়ে উঠছে। ইংল্যান্ড তো এগিয়ে যাওয়া ধরে রাখতে পারল না। আর্জেন্টিনা ঠিকই জয়ী হয়ে গেল। মেসি তার বাহিনী নিয়ে সত্যিই অন্যরকম খেলছে। হয়ত আজ আরও অন্যরকম খেলতে পারে। কেননা মেসি প্রতিদিনই অন্যরকম। প্রতিদিন সাহসী। প্রতিদিনই এক জয়ী মহানায়ক।’
কানাডা প্রবাসী জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন জোয়ার্দ্দার স্পেনের খেলা, কমিটমেন্ট সবই সমীহ করেন। কিন্তু তিনিও মনে করেন আজ আর্জেন্টিনাই ফেভারিট, স্পেন নয়। আর্জেন্টিনা ম্যাচ বের করে নিয়েই যাবে। তাদের শেষ ম্যাচগুলোতে অন্যরকম খেলার প্রতিচিত্র দেখা গেছে। দলে সাহস সংহতি সব আছে। মেসির নেতৃত্ব ও মাঠে খেলা পরিচালনা খুবই কার্যকর। এই অবস্থায় আর্জেন্টিনার কাছে থেকে কাপ কেড়ে নেওয়া মুশকিল।
সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনিও মনে করেন, আজকের ম্যাচে ফেভারিট আর্জেন্টিানাই। তবে তিনি বিশ্বাস করেন আজকেও স্পেন ভীষণরকম উইথ দ্য বল রাখার চেষ্টা করবে। আর আর্জেন্টিনা করবে ভয়াবহ আক্রমণ। সেই আক্রমণ রুখতে অনেক কাঠখড় পোড়াতে হবে।
ইমতিয়াজ সুলতান জনি আরও বললেন, আজ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ফুটবল ইতিহাসে এমনকিছু রেকর্ড তৈরি হবে সেই রেকর্ড ভাঙতে কয়েকশ বছরও লেগে যেতে পারে। আজ সেই ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। স্পেন নয়, আজ ফাইনালে জিতবে আর্জেন্টিনা। সেটা হতে পারে আর্জেন্টিনা ২ এবং স্পেন ১।







