ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসক ও আনসারদের উপর হামলার মামলায় সিসিইউতে মৃত নওশেদ মিয়ার দুই ভাইসহ ৪ স্বজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে তিন চিকিৎসকসহ আনসার কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা মেডিকেল নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক আনসার ও রোগীর স্বজনদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছিল রোববার। সেসময় মৃতের এক আহত স্বজনসহ আটক ৪ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা করেন ওয়ার্ড মাষ্টার রিয়াজ উদ্দিন। শাহবাগ থানায় দায়ের করা মামলায় অভিযোগ: মৃত ব্যক্তির দুই ভাইসহ আরও ২ স্বজন জোর করে সিসিইউতে ঢুকে প্রথমে এক আনসার সদস্য ও পরে ৪ চিকিৎসককে মারপিট করে। এতে এক চিকিৎসকের হাত ভেঙ্গে যায়। বাধা দিতে এসে আহত হন আনসারের প্লাটুন কমান্ডার বাদল হাওলাদারসহ ৩ আনসার সদস্য।
ডাক্তার ও আনসারদের সরকারী কাজে বাধা দেয়াসহ ভাংচুর করে প্রায় এক লাখ টাকার সম্পদ ক্ষতির অভিযোগ আনা হয়েছে। হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের হামলায় গুরুতর আহত ইকবালকে ওই হাসপাতালেই আটক করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকেও ওই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পুলিশের হাতে আটক হওয়ার সময় জনতার মারপিটের কারণে মাথায় আঘাত পায় ইকবাল। সুস্থ হলে সোমবার তাকে আদালতে পাঠাবে পুলিশ।
ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ৭ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:










