ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, শৃঙ্খলা পরিষদ গত ৪ জানুয়ারি এই ১৫ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছিল। আজ সিন্ডিকেট সভায় এটি অনুমোদন পেয়েছে।
জালিয়াতের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দীন রানা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। এরা তিন জন জালিয়াত চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করত। রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
স্থায়ীভাবে বহিষ্কার হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারনি আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের মো, রিফাত হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী মো. সুজাউর রহমান এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।
গত ৪ জানুয়ারি জালিয়াতির অভিযোগে এই ১৫ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।








