ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ১০ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করায় ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে এসেছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন,‘কর্তৃপক্ষের আশ্বাসে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা করব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাত কলেজ অধিভুক্তি বাতিল না করে বা কালক্ষেপণ করে, তাহলে আবার কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা তাদের চার দফা দাবিতে গত রোববার থেকে টানা তিনদিন প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। এরমধ্যেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা এলো।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।










