নানা আয়োজনে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

১ জুলাই, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯৬তম দিবসটি উদযাপন করবে।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রহণ করা হয়েছে নান কর্মসূচি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’।
শনিবার সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল সমূহের পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হন। সেখান থেকে শোভাযাত্রা সহকারে গমন করা হয় টিএসসিতে।
অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আয়োজিত দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করছেন এ বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একইসাথে স্মরণ করেন সেইসব শহীদদের, যাঁরা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা ও ত্যাগ স্বীকার করেছেন।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১ সালে শতবর্ষে পদার্পণ করবে। একইসাথে বাংলাদেশ সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে একান্তভাবে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আজকে আমাদের প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এই দিনে আমাদের অঙ্গীকার হোক অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদ, ৮৩টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৬টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে।
বর্তমানে এ বিশ্ববিদ্যলয়ে ৩৭ হাজার ১৮ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৭৭৩ জন ও ছাত্রী ১২ হাজার ২৮ জন। এছাড়া পরীক্ষার্থী ৪ হাজার ২২১ জন, পিএইচডি গবেষক ১ হাজার ২০১ জন, এমফিল গবেষক ১ হাজার ৯৫৬ জন আছেন।
বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক-শিক্ষিকা আছেন ১ হাজার ৯৯২ জন। এরমধ্যে শিক্ষক ১ হাজার ৩২৭ জন ও শিক্ষিকা ৬৩৮ জন রয়েছেন। মোট কর্মকর্তা আছেন ১ হাজার ৩০ জন। এছাড়া ৩য় শ্রেণীর কর্মচারী ১ হাজার ১৩৭ জন ও ৪র্থ শ্রেণীর কর্মচারী আছে ২ হাজার ২৫০ জন।
এ বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত পিএইচডি ডিগ্রী প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৪২৯ জন এবং এম ফিল ডিগ্রী প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ড আছে ৩২৭টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট জমির পরিমাণ ২৭৫ দশমিক ৮৩ একর।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউট আছে ১১৬টি। এ কলেজ ও ইনস্টিটিউটের মোট শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৪৯০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ২৯০ জন ও ছাত্রী ১ লাখ ১৪ হাজার ২০০ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসব কলেজ ও ইনস্টিটিউটের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে শিক্ষক ৪ হাজার ৬১০ জন ও শিক্ষিকা ৪ হাজার ৫৮৬ জন।






