সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার দিনভর রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, উত্তরা, খিলক্ষেত ও মিরপুরের ফুটপাত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তারা।
বেলা ১১টা থেকে কারওয়ান বাজার ও ফার্মগেটের ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার।
তিনি কারওয়ান বাজারের চালের আড়ৎ, মাছের আড়ৎ এবং রেল লাইনের পাশ থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এছাড়া ফার্মগেট থেকে ইন্দিরা রোড পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজমের নেতৃত্বে মিরপুর ৬ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের বিভিন্ন সড়কে ৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২টি মামলার মাধ্যমে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হামিদ মিয়া এবং জুলকার নায়ন ৯ ও ১০ নম্বর সেক্টর ও খিলক্ষেত কাঁচা বাজারে অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৬৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাতের উপর অ্যাম্বুলেন্স রাখার অপরাধে ৭টি মামলার মাধ্যমে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উত্তরার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।








