এবি ডি’ভিলিয়ার্সের বিস্ফোরক সেঞ্চুরির পরও ভারতের কাছে হেরে গেছে সাউথ আফ্রিকা। চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৫ রানে হারিয়ে ২-২-এ সমতা আনলো ভারতীয়রা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচ হয়ে গেল অঘোষিত ফাইনাল।
মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ৩০০ রানের টার্গেট খাড়া করে ভারত। স্বাগতিক ইনিংসের জবাব দিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। তবে শ্রোতের বিপরীতে একাই লড়েন এবি।
১০৭ বলে আট চার ও দুই ছক্কায় ১১২ রান করেও অন্যদের সাহায্য না পাওয়ায় দলের হার রক্ষা করতে পারেননি। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুইনটিন ডি কক। আর তারা অলআউট হয় ২৬৪ রানে।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক বিরাট কোহলির ১৪০ বলে ১৩৮ রানের ওপর দাঁড়িয়েই ৮ উইকেটে ২৯৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। সুরেশ রায়না(৫৩) ও অজিঙ্কা রাহানে(৪৫) ছাড়া এ দিন ভারতের আর কেউই বড় রান পাননি।
দক্ষিণ আফ্রিকার স্টেইন ও রাবাদা তিনটি করে উইকেট পান। দুই দলের মধ্যেকার পঞ্চম ও শেষ ম্যাচের অঘোষিত ফাইনাল হবে ২৫ অক্টোবর মুম্বাইয়ে।






