আগামী সপ্তাহেই আন্তর্জাতিক বিরতিতে যাবে ক্লাব ফুটবল। তবে সেই বিরতির আগে দর্শকদের একই দিনে ভরপুর আনন্দ দিতে চলেছে বিশ্ব ক্লাব ফুটবল। ইউরোপ ও সাউথ আমেরিকার ডার্বি-ক্ল্যাসিকোতে সুপার সানডে উপভোগ করবে বিশ্ব ফুটবল।
কারণ রোববার একই রাতে মাঠে নামবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কাইলিয়ান এমবাপেসহ আরও অনেক তারকা।
রোববারের সবচেয়ে বড় ম্যাচ হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি। যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। সিটির ঘরের মাঠ ইতিহাদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হবে বারুদে ঠাসা এই ম্যাচ।
লিগে এখনও অপরাজিত পেপ গার্দিওলার ম্যানসিটি। অন্যদিকে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে এগোচ্ছে হোসে মরিনহোর ইউনাইটেডও। ম্যানচেস্টার ডার্বি বরাবরই রোমাঞ্চকর। গত মৌসুমে ঘরের মাঠে দু’গোলে এগিয়ে গিয়েও ড্র করে সিটি। তবে নতুন মৌসুমে কি হয় তা তো সময়ই বলবে।
পুরনো লড়াইয়ের সঙ্গে নতুন রঙ যোগ করেছেন মরিনহো-গার্দিওলা। দুজনে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা প্রতিদ্বন্দ্বীতার আবহ নিয়ে এসেছেন ইংল্যান্ডে।
ম্যানইউ-সিটির ম্যাচের চেয়েও বেশি উত্তেজনা ছড়াতে পারে কোপা লিবার্তোদোরেসের ‘সুপারক্ল্যাসিকো’। যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়র্স। কারণ কোপা লিবার্তোদোরেসের ইতিহাসে এই প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ফাইনাল হতে যাচ্ছে। ফাইনালের প্রথম লেগে হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায়।
ম্যানচেস্টার ডার্বি ও কোপা লিবার্তোদোরেসের ‘সুপারক্ল্যাসিকো’র দিনে মাঠে নামছে লিভারপুল, চেলসি ও আর্সেনালের মতো বড় দলও। লিভারপুল ঘরের মাঠে খেলবে ফুলহামের বিপক্ষে, স্টামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ এভারটন আর আর্সেনাল নিজেদের মাঠে মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের।
স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে, রিয়াল মাদ্রিদ যাবে সেল্টা ভিগোর মাঠে। ইনজুরির পর এই ম্যাচে খেলার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন মেসি।
বার্সার রাতে অ্যাকশনে ফিরবে রিয়ালও। অস্থায়ী কোচ সান্টিয়াগো সোলানির পরীক্ষা সেল্টা ভিগোর বিপক্ষে। খেলা হবে সেল্টার মাঠে। টানা তিন ম্যাচ জেতা সোলানির এই ম্যাচে স্বস্তি বাড়বে নাকি কমবে প্রশ্ন সেটাও। সেল্টা ম্যাচ জিতলে রিয়ালের সমান ১৭ পয়েন্ট হয়ে যাবে তাদের।
ইংল্যান্ড-আর্জেন্টিনার মতো বড় ম্যাচ আছে ইতালির সিরি আ’তেও। লিগে মুখোমুখি হবে এসি মিলান ও জুভেন্টাস। ফলে মেসির রাতে দর্শকটা উপভোগ করবেন রোনালদোর খেলাও। এই ম্যাচে আবার রিয়ালের পুরনো সতীর্থ গঞ্জালো হিগুয়েনের সঙ্গে দেখা হচ্ছে সিআর সেভেনের। মিলান-জুভ ম্যাচ হবে রাত ১টা ৩০ মিনিটে। এছাড়া ইন্টার মিলান খেলবে আটলান্টার বিপক্ষে আর রোমার মুখোমুখি হবে সাম্পদোরিয়া।
মেসি-রোনালদোর দিনে ঘরে বসে থাকবেন না নেইমার-এমবাপেও। লিগ ওয়ানে তাদের ম্যাচ মোনাকোর বিপক্ষে। যদিও চলতি মৌসুমে বেশ অন্ধকারের ভেতর দিয়ে চলছে এমবাপের সাবেক ক্লাব। দলকে উদ্ধার করতে পারছেন না ক্লাবের সাবেক তারকা ও ফরাসি কিংবদন্তি থিয়েরি হেনরি অঁরিও। মোনাকোকে হারাতে পারলেও টানা ১৩ ম্যাচে জয় পাবে প্যারিস সাঁ সাঁ। নেইমার-ফ্যালকাওদের ম্যাচ শুরু হবে রাত ২টায়।









