অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির ট্রেলার দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। মোদী তার টুইটার পেজেও তা নিয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘ছবিটি নতুন করে আবারও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এসেছে।’ এছাড়া তিনি অক্ষয় কুমারকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমরা জনগণের মনে আবারও নতুন করে ইতিবাচক কিছু ধারণা সৃষ্টি করতে পারব এবং পরিবর্তন আনতে পারব।’
ছবিটি যেন মোদীর স্বপ্নেরই বাস্তবায়ন। ‘স্বচ্ছ ভারত’ নরেন্দ্র মোদীর একটি স্বপ্নের প্রকল্প। তাই এই ছবিটি যেন তার স্বপ্নেরই প্রচারণা। এটি অনেকটা কমেডি ধাঁচের ছবি হলেও, এতে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের কথা তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নারায়ণ সিং। এতে আরও অভিনয় করেছেন ভূমি, সানা খান, অনুপম খের। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ আগষ্ট। ইন্ডিয়ান এক্সপ্রেস।









