ট্রেন্ডিংয়ে সালমানের ‘অন্তিম’ এর প্রথম গান

Salman Khan dressed as a police officer participating in a traditional celebration with fire torches, surrounded by dancers and spectators. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সালমান খানের আসন্ন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এর ফার্স্ট লুক পোস্টার। আর সেই রেশ কাটতে না কাটতেই এলো ‘অন্তিম’ এর প্রথম গান ‘বিঘ্নহর্তা’। যা রীতিমত ট্রেন্ডিংয়ে!
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নিজেই টুইট করে ‘অন্তিম’-এর প্রথম গানের ভিডিও পোস্ট করেছেন সালমান।
ঘোষণা অনুযায়ী আগে থেকেই জানা ছিল গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুক্তি পাবে গানটি। যেখানে গনেশ বন্দনার সুরে জমিয়ে পা মেলাতে দেখা গেছে বরুণ ধাওয়ান এবং আয়ুষ শর্মা-কে।
এছাড়াও গানটিতে গনেশ বন্দনার আরতিতে যোগ দিতে দেখা গেছে ভাইজানকে। বেশ চনমনে সুরের সঙ্গে বরুণ-আয়ুষ জুটির নাচ এবং তার সঙ্গে অনাবৃত পেশিবহুল চেহারায় সালমানের অ্যাকশনে বুঁদ হয়েছে দর্শক।
এই গানের প্রসঙ্গে ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর জানিয়েছেন গানটির শুটিংয়ের সময় বেশ জখম হয়েছিলেন সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। শুটিং ফ্লোরেই হাতের তালুর হাড় ভেঙে গিয়েছিল তার।
তবে তাতে একটুও না ঘাবড়ে শুধুমাত্র মনের জোরে ওই ভাঙা হাতেই শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। তার লক্ষ্য ছিল তার জন্য যেন ছবির প্রোডাকশনের কোনও ক্ষতি না হয়।
মূলত এই গানের শুট চলাকালীন একটি ক্লোজ আপ শট নেওয়ার সময় সামনে থাকা ক্যামেরায় আঘাত লাগে তার হাতে। তবে সেসব একদম পাত্তা না দিয়ে গ্যাংস্টার রাহুলিয়ার চরিত্রে মজেছিলেন এই অভিনেতা। ছবিতে সালমানের ভগ্নিপতিকে দেখা যাবে খলনায়কের ভূমিকায় এবং সালমানকে দেখা যাবে শিখ পুলিশের অবতারে।
‘অন্তিম’ তৈরি হচ্ছে মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মুলশি প্যাটার্ন’ দর্শক-সমালোচক মহলে প্রশংসা পেয়েছিল। মহেশ মঞ্জেকর পরিচালিত ‘অন্তিম’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পাবে।






