কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে নাসির ওরফে মুন্না (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩ জন সদস্য আহত হয়।
রোববার ভোর রাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছেন, শনিবার রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারা সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। পরে রোববার ভোরের দিকে একদল মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিতে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৪০), কনস্টেবল আব্দুল শুক্কুর (২৩) ও মোঃ হেলাল আহত হয়।
সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী মুন্নাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে ৩জন পুলিশ সদস্য আহত ও ১জন মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত এবং ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩ টি দেশীয় তৈরি এলজি, ১২ রাউন্ড কাতুজ ও ১৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।







