বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন সাউথ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ইনজুরির কারণে আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তার। প্লেসিসের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরির দোড়গোড়ায় (৯১) গিয়ে কোমরের পেশিতে টান লেগে মাঠ ছাড়েন প্লেসিস। সেই ইনজুরি ছোট ফরমেটের সিরিজ থেকেই ছিটকে দিল তাকে।
ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ‘পেশির ইনজুরির কারণে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছেন না অধিনায়ক ডু-প্লেসিস। টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আর ডু-প্লেসিসের জায়গায় দলে ডাকা হয়েছে অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে। ’
বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগে ও মাঝে ইনজুরিতে সাউথ আফ্রিকা দলে নতুন সংযোজন ডু প্লেসিস। তার আগে দল থেকে ছিটকে গেছেন ডেভিড মিলার, ওয়েন পারলেন, মরনে মর্কেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লাঙ্গি এনগিডি, ডোয়াইন অলিভার।
দলে ইনজুরি মিছিলের পরও টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সাউথ আফ্রিকা।










