বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয়েছে ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপ মিশন। শিরোপা এনে দিতে ব্যর্থ হলেও কোচ টিটের উপর ভরসা হারাচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিভিএফ।
টিটে থাকবেন না চলে যাবেন সেই ভার ৫৭ বছর বয়সী কোচের উপরেই ছেড়ে দিয়েছে সিভিএফ। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফেডারেশন প্রধান জানান, টিটের কোচিংয়ে অখুশি নন তারা। ২০২২ বিশ্বকাপে নেইমারদের দায়িত্ব তার কাঁধেই বর্তানোর সম্ভাবনা বেশি।
কোয়ার্টার থেকে বাদ পড়লেও ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের থেকে তুলনামূলক ভালো খেলেই বাদ পড়েছে টিটের ব্রাজিল। আরও চার বছর তার হাতে দায়িত্ব থাকলে আরও ভাল কিছুর আশা সিভিএফ প্রধানের।
তবে কাতার বিশ্বকাপ এখনো অনেক দূর। ২০১৯ সালেই বড় এক মিশনের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন টিটে। সেবছরই ব্রাজিলের মাঠে গড়াবে কোপা আমেরিকা। সেই শিরোপা এনে দিতে পারলেই নেইমারদের কাতারে নিয়ে যেতে পারবেন করিন্থিয়াসের সাবেক এই কোচ।







