ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় চলন্ত বাসে এক প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে হেলপার নাজমুলকে গ্রেপ্তার করেছে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাস স্ট্যান্ডে যাচ্ছিল। রাতে যাত্রী কম থাকায় পথিমধ্যে এক প্রতিবন্ধি কিশোরী যাত্রী ছাড়া বাসের সকলেই গন্তব্যস্থলে নেমে যায়।
‘বাসে কোনো যাত্রী না থাকার সুযোগে ওই বাসের চালক আলম, সুপারভাইজার বিশু ও হেলপার নাজমুল মিলে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ শব্দ শুনতে পেয়ে বাসটির পিছু নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িসহ হেলপারকে আটক করতে পারলেও বাসের সুপারভাইজার বিশু, চালক আলম পালিয়ে যায়।
পরে কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। মেয়েটি তার কোন নাম পরিচয় বলতে পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের হেলপার ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার গ্রেপ্তার হেলপারকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবন্ধী কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে।’
টাঙ্গাইলের চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যার ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবারও চলন্ত বাসে গণধর্ষণের শিকার হলো এই প্রতিবন্ধী কিশোরী।







