আবহাওয়ার পূর্বাভাস সবসময়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেকথা মাথায় রেখেই ঝড়ের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করছে সার্চ ইঞ্জিন গুগল। আর এজন্য প্রতিষ্ঠানটি নতুন ফিচার চালু করেছে। তবে আপাতত গুগলের এ সেবা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকছে।
যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া হারিকেন ক্যাটরিনার ১০ বছর পূর্তি উপলক্ষ্য সামনে রেখে মানুষকে ঝড় সম্পর্কে নির্ভুল তথ্য দিতে নতুন ফিচারটি চালু করা হয়েছে বলে জানায় গুগল। ঝড়-পূর্ব সময়ের মতো এর পরবর্তী সময়ও খুবই গুরুত্বপূর্ণ।
এক ব্লগ পোস্টে গুগল জানায়, হারিকেন ক্যাটরিনার পর গুগলের বেশকিছু কর্মী দুর্গতদের উদ্ধারে তথ্য ব্যবহার করেছেন। আর সেক্ষেত্রে বিষয়টির কার্যকারিতাই গুগলকে এ ফিচার তৈরিতে উদ্বুদ্ধ করেছে।
এখন গ্রাহক চাইলে যেকোনো ঝড়ের অবস্থান জানতে পারবেন। এটি কোন পথে আসছে এবং কখন আঘাত হানবে এ-সংশ্লিষ্ট সব তথ্যই গুগল সরবরাহ করবে। পাশাপাশি ঝড়ের গতিবিধিও দেখা যাবে গুগলে।
গুগল নিয়মিতই প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন সেবা সরবরাহ নিয়ে কাজ করে আসছে। হারিকেন ক্যাটরিনার সময়ও প্রতিষ্ঠানটি ডাটাবেজ চালু করে দুর্গতদের তথ্য সরবরাহ ও সংরক্ষণে সাহায্য করেছিলো।






