‘বিয়ে ঝুলে থাকা’র কথা হয়তো অনেকে শুনেছেন। বিয়ে হতে গিয়েও হচ্ছে না বোঝাতে এই বাগধারা ব্যবহার করা হয়।
তবে ‘ঝুলে বিয়ে করা’র কথা মনে হয় কেউ এর আগে শোনেননি। শোনার কথাও না। কারণ এটা কোনো বাগধারা বা প্রবাদ-প্রবচন নয়, বাস্তব ঘটনা।
ভারতের মহারাষ্ট্র প্রদেশের কোলাপুরে এমনই ‘ঝুলন্ত বিয়ে’র অনুষ্ঠান দেখল সবাই। সেখানে ভূমি থেকে ৬শ’ ফুট উঁচুতে বাঁধা অবস্থায় ঝুলতে ঝুলতে বিয়ে করলেন বর ওষুধ বাজারজাতকারী ও একই সঙ্গে পর্বতারোহী ৩০ বছর বয়সী জয়দীপ যাদব এবং কনে আইএএসসি পরীক্ষার্থী রেশমা পাতিল।
উত্তেজনাপূর্ণ আর বিপজ্জনক খেলাধুলা সম্পর্কে সতেনতা তৈরির উদ্দেশ্যে এই দুঃস্বাহসী যুগল সেসব খেলারই দৃষ্টান্ত রাখলেন নিজেদের বিয়ের মধ্য দিয়ে।
জয়দীপ ও রেশমার প্রশিক্ষক কোলাপুরের মাউন্টেন স্পোর্টসের সভাপতি বিনোদ কামবোজ এ কথা জানান।
অভিনব এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন কামবোজের তত্ত্বাবধানেই হয়েছে।
৩ হাজার ফুট উঁচু বিশালগড় এবং পানহালা অঞ্চলের মাঝের উপত্যকায় অবস্থিত ভট্টালি গ্রামের ওপর প্রায় ১৫ কিলোমিটার উঁচুতে শক্ত ডাবল নাইলন দড়ি এবং সাপোর্টিং হ্যাংগারে ঝুলন্ত অবস্থায় রোববার সকালে মালাবদলসহ বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বর-কনে।
তবে শুধু এ দু’জনই শূন্যে ঝোলেননি। ভিন্নরকম এই বিয়ে সম্পন্ন করার জন্য আরও একজনকেও তাদের সঙ্গে ঝুলতে হয়েছে। তিনি হলেন ৩৫ বছর বয়সী পুরোহিত সুরুজ ঢোলি।
১২শ’রও বেশি মানুষ অংশ নেন এই বিয়ের অনুষ্ঠানে, যাদের মধ্যে ১ হাজার জনই সাধারণ গ্রামবাসী। বাকিরা বর-কনের আত্মীয়। অনন্য এই বিয়ের অংশ হওয়া থেকে বঞ্চিত হতে চাননি তারা কেউ।










