ঝাড়ু হাতে নিয়ে নিজেদের স্কুল পরিষ্কার করছে শিক্ষার্থীরা। এভাবেই এখন থেকে সামাজিকতা শিখবে তারা, গড়ে উঠবে শিক্ষার্থীদের সুঅভ্যাস। তৈরি হবে সব কাজকে সমানভাবে দেখার মানসিকতা।
এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন পরিপত্র জারি হয়েছে গত সপ্তাহে।
পরিপত্র জারির পর ৩১ জানুয়ারি ছিলো প্রথম বৃহস্পতিবার। এদিন দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পালিত হয়েছে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে।
ঢাকার উপশহর বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উর্মিলা সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: শিশুদের দিয়ে আগে সাধারণত কিছু করানো হতো না। শিশুদের কেবল আগ্রহী করে তোলাই এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। ওরাও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছিলো। কিন্তু কিছু অভিভাবক এসে এই কর্মসূচিতে দ্বিমত পোষণ করে। তাদের বক্তব্য, সন্তানকে দিয়ে এসব কেন করতে হবে? করানোর দরকার নেই।
তিনি বলেন: পরে তাদের বলা হয়, এ বিষয়ে আদেশ এসেছে। এসব স্কুলের কর্মকাণ্ডের মধ্যে পড়ে। সামাজিক কর্মকাণ্ডে বাচ্চাদের সম্পৃক্ত করাটা খুব জরুরি। এতে ওদের মানসিকতা ও অভ্যাস গড়ে উঠবে। তারপর তারা শান্ত হন। তবে কোনো কোনো বাবা মা এই কর্মসূচিতে খুবই ইতিবাচক মনোভাবও দেখান।
নওগাঁর সাহেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: সালমা খাতুন বলেন: স্কুলের সব শিশু শিক্ষার্থীরা খুবই উৎসাহ সহকারে এই আয়োজনে অংশ নিয়েছে। আগেও আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে এসব পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছি। এখন তো আদেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এখন প্রতি সপ্তাহেই এমন করা হবেই। এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারই আয়োজন করে স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করবে শিক্ষার্থীরা নিজেই।
বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সেখানে তিনি বলেন, নিজের আঙ্গিনা নিজেকেই পরিস্কার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য শিক্ষক ও স্কুল কমিটিকেও পরামর্শ দেন তিনি।







