জয়, ফুটবলের জয়

বছর, মাস, সপ্তাহ, দিন পেরিয়ে বিশ্বকাপের ক্ষণগণনা সংক্ষিপ্ত হতে হতে এখন ঘণ্টায় পৌঁছেছে। রাত পেরোলেই চেনা সূর্যটা আনবে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠানোর কাঙ্ক্ষিত দিনকে। বিশ্বকাপ ইতিহাসের ২১তম আসর এটি, বসছে রাশিয়ায়। ১২টি স্টেডিয়ামে ফুটবল পিপাসুদের সবটুকু মনোযোগ কেন্দ্রীভূত থাকবে একমাস জুড়ে। মহাযজ্ঞে থাকবে নানা চড়াই-উতরাইয়ের গল্প। শেষে একটি দেশের হাতে উঠবে চ্যাম্পিয়নের খেতাব।
বিশ্বকাপের জন্য লড়বে ৩২টি দেশ। কঠিন বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে সেরা সেরা দলগুলোকে। নেইমারের ব্রাজিল যেমন প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট কেটেছে, মেসির আর্জেন্টিনা সেখানে শেষ ম্যাচে এসে বাদ পড়ার শঙ্কা কাটিয়েছে। সঙ্গে রোনালদোর পর্তুগাল, ইনিয়েস্তার স্পেন, গ্রিজম্যানের ফ্রান্স, মুলারের জার্মানি, কোম্পানির বেলজিয়ামের দিকেও নজর থাকবে। সালাহর মিশরও চমকে দিতে পারে মাঠের খেলায়। স্বাগতিক রাশিয়া আটঘাট বেধে নেমেছে নিজেদের ছাপ রাখতে। সেখানে ইতালি-নেদারল্যান্ডস-চিলি তো বিশ্বকাপেই আসতে পারেনি।
রাশিয়ার মাঠের পরীক্ষাটা মাঠেই হবে। তার আগে একটি পরীক্ষায় উতরে গেছে পুতিনের দেশ। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবার আয়োজনের সুযোগ পেয়ে দারুণ গোছানো কাজ করেছে দেশটি। বিশ্বরাজনীতির অন্যতম পরাশক্তি, ক্রীড়নক, আর অর্থনৈতিক স্বাবলম্বী দেশ হয়েও কি সোভিয়েত আমলে, কি রাশিয়া নামের পর, বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়নি তারা। ১৯৯৪ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়ে এসেছে পেছন থেকে, সুযোগবঞ্চিত হয়েছে রাশিয়া।
আবার প্রথমবার আয়োজক হয়েও পোহাতে হয়েছে হ্যাপা। মানবাধিকার সংগঠনগুলো নানামুখী অভিযোগ-উস্কানির ধুঁয়ো তুলে প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে চেষ্টা করেছে। বিপক্ষ পরাশক্তিরা একটার পর একটা চাল দিয়ে চাপে রাখতে চেষ্টা করেছে। আয়োজক হিসেবে ব্যর্থ রাশিয়া প্রমাণের কোনো কমতি রাখেনি বিশ্বরাজনীতির রাশিয়া-বিরোধীরা। আছে জঙ্গী হুমকিও।
রাশিয়া শেষপর্যন্ত কতটুকু সফল আয়োজক, তা আরও এক মাস পরই নির্ধারণ করা যাবে। তবে মাঠের খেলা শুরুর চব্বিশ ঘণ্টা আগে পর্যন্ত তারা প্রশংসিত।
দলগুলো রাশিয়ায় পা রেখে শেষ মুহূর্তের ঝালিয়ে নেয়া সারছে। রাশিয়া এখন তারকা, অতিথি, দর্শনার্থীর পদচারণায় সরগরম। পুরোবিশ্বই তাদের সঙ্গে ফুটবল জ্বরে কাঁপছে। পিছিয়ে নেই বাংলাদেশও। নিজেরা কবে বিশ্বকাপ খেলবে সেটি সুদূরকল্পনা! তবে বিশ্বকাপের মৌসুমে ফুটবল উন্মাদনার কোনো ভাটা পড়ে না তাতে। যার মূলে ব্রাজিল-আর্জেন্টিনা নামের দুটি দেশ। সমর্থন, আড্ডা, বিতর্ক, পতাকা টানানো আর প্রিয় দলের জন্য প্রার্থনায় মেতে ওঠেন এদেশের ফুটবলপ্রেমীরা। স্পেন, জার্মানির মতো দেশেরও সমর্থকের দেখা মেলে। তবে মূল স্রোত ব্রাজিল-আর্জেন্টিনাতেই বিভক্ত।
ফুটবল উন্মাদনার ছাপ পড়ে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশও সেটার বাইরে নয়। জার্সি কেনার ধুম পড়ে যায়। প্রায় সব বাড়িতেই উড়ে প্রিয় দল-দেশের পতাকা। টেলিভিশনের শোরুমে ক্রেতার ভিড় বাড়ে। পোশাক শিল্প আর রপ্তানিতেও প্রভাব পড়ে। ইংল্যান্ডসহ একাধিক দলের জার্সিই যেমন এদেশে তৈরি হয়েছে।
ফুটবলকে কেন্দ্র করে আবর্তিত হওয়া এ সময়টা মানুষে-মানুষে বিভেদ কমিয়ে আনে। ভিন্ন মত-পথের মানুষও একছাতার তলে মিলিত হন প্রিয় দলকে সমর্থন করার নামে। মতবিরোধ যেমন থাকে, ঐক্যের এক অন্যরকম দৃষ্টান্তও দেখা যায় খেলাটাকে ঘিরে। যা অন্য কোনো খেলাকে কেন্দ্র করে ঘটে না বললেই চলে। ফুটবলের এই যে শক্তি-সামর্থ্য-বার্তা, সেটা থেকে জয়গানের গল্প গেঁথে এগিয়ে যেতে পারে মানবতার সিঁড়ি। রাশিয়া বিশ্বকাপ উৎকর্ষের সবটুকু পসরা সাজিয়ে বসুক মাসব্যাপী। জয় হোক ফুটবলের।






