আবু ধাবি টেস্টে তৃতীয় দিনটা ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ডের। ৫ উইকেটে ২২০ রান। বড় লিডের আশা। হঠাতই সব এলোমেলো করে দিলেন ইয়াসির শাহ। সঙ্গে যোগ হলেন হাসান আলি। তাতে আর মাত্র ২৯ রান যোগ করেই অলআউট নিউজিল্যান্ড।
লেগস্পিন-পেস জুটির সেই ধাক্কা সামলে উঠতে পারেনি কিউইরা। ফল, তৃতীয় দিন শেষে একরকম জয়ের সুবাস নিয়েই ঘুমাতে গেছে পাকিস্তান। জয়ের জন্য আর ১৩৯ রান চাই তাদের। হাতে ১০ উইকেট অক্ষত।
সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে থামে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড উন্নতি করেছে। গুটিয়ে যাওয়ার আগে করেছে ২৪৯ রান। তাতেও জয়ের জন্য ১৭৬ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি প্রতিপক্ষকে।
রোববার কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ২৩ বলে ২৫ তোলা ইমাম-উল-হক এবং ৮ রানে অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজ জয় তুলে নিতে চতুর্থদিন শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে আড়াইশর কাছে টেনে নিয়েছে নিকোলস ৫৫ ও ওয়েটলিংয়ের ৫৯ রানের ইনিংস।
পাকিস্তানের হয়ে ৫টি করে উইকেট ভাগ করে নিয়েছেন ইয়াসির এবং হাসান। লেগস্পিনার ইয়াসির ৩৭ ওভার বলে করে ১১০ রান খরচ করলেও পেসার হাসান ১৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান ব্যয়েই পাঁচ শিকার ঝুলিতে পুরেছেন।








