জিয়াউর রহমান কখনও মুক্তিযোদ্ধা ছিলেন না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়া মুক্তিযোদ্ধা নন; তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।
প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত গণহত্যা দিবসের কর্মসূচির অংশ হিসেবে পুরান ঢাকার ঐতিহাসিক আজাদ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক জনসভায় হানিফ এ মন্তব্য করেন।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জের ধরে হানিফ বলেন: ফখরুল সাহেব বলেছেন, জিয়া-স্বাধীনতার ঘোষক! আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তিনি এ তথ্য কোন ইতিহাস থেকে পেলেন। যেখানে জিয়াউর রহমান তার জীবদ্দশায় বলে গেছেন, তৎকালীন আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই তিনি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। বাঙালি জাতি এ মিথ্যাচারের জবাব দিবে।
খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে দাবি করে হানিফ বলেন, পাকিস্তান শহীদ সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন বেগম খালেদা জিয়া।
যেদিন, পাকিস্তানের পার্লামেন্টে বলা হলো মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ মারা যায়নি। তার পর দিনেই খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বললেন, শহীদদের সঠিক সংখ্যা নির্ধারণ করতে হবে! তার এ বক্তব্য গণহত্যার পক্ষে সাফাই ছাড়া আর কি হতে পারে।
গণহত্যার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, তুর্কিরা আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছিলো। তাতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ মানুষ মারা যায়। কিন্তু সেটা ছিলো কয়েক বছর ধরে। আর পাকিস্তানিরা মাত্র ৯ মাসে ৩০ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করেছে। এ নির্মম হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আমরা চাই।








