জিম্বাবুয়ে সিরিজের সূচি নিশ্চিত করা হয়েছে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে সফরে আসছে জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম টেস্ট দিয়ে অষ্টম টেস্ট ভেন্যু হচ্ছে সিলেট। এ ভেন্যুতে এখন পর্যন্ত হয়েছে শুধু টি-টুয়েন্টি ক্রিকেট। ২০১৪ বিশ্বকাপের ছয়টি ম্যাচের পর সর্বশেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-টুয়েন্টি ম্যাচ হয় সেখানে। আসছে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ দিয়ে হওয়ার কথা ওয়ানডে অভিষেক।
তার আগেই টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ২০১৯ সালে জানুয়ারিতে এই সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। তবে জাতীয় নির্বাচনের কারণে আপাতত স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। সে সময়েই আয়োজন করা হচ্ছে এই সিরিজ।
সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৯ অক্টোবর একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে বিকেএসপিতে। ২১ অক্টোবর প্রথম ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২৪ ও ২৬ অক্টোবর পরের দুটি ওয়ানডে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই দিবা-রাত্রির।
২৯ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ৩ নভেম্বর থেকে প্রথম টেস্ট সিলেটে। দ্বিতীয় টেস্ট মিরপুরে ১১ নভেম্বর থেকে।
২০১৪ সালে শেষ টেস্ট খেলেছে দুই দল। তখন বাংলাদেশে এসে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে।







