জিম্বাবুয়ে ক্রিকেট দলকে আইসিসি অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করার পরেই হ্যামিল্টন মাসাকাদজাদের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সেই সুযোগটা কাজে লাগাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই’র পক্ষ থেকে সিরিজ খেলতে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয় শ্রীলঙ্কাকে। সম্মতি জানাতে দ্বিতীয়বার ভাবেনি লঙ্কানরা। ফলে ভারতে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা বোর্ড রাজি হয়ে যাওয়ায় জিম্বাবুয়ের পরিবর্তে নতুন বছরের শুরুতেই ভারত সফরে যাচ্ছে লঙ্কানরা। আগামী বছরের জানুয়ারিতে কোহলিদের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে মালিঙ্গারা।
বিসিসিআই’র পক্ষ থেকে বুধবার শ্রীলঙ্কা সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে। ৫-১০ জানুয়ারির মধ্যে হবে তিনটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। ৫ জানুয়ারি প্রথম ম্যাচ হবে আসামের গোহাটিতে। ৭ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ মধ্যপ্রদেশের ইন্দোরে। আর ১০ জানুয়ারি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
ভারত এখন সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ব্যস্ত। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ১-১ এ ড্র হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের গান্ধী-ম্যান্ডেলা টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।








