টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতা ও নতুন মৌসুমের জন্য ক্রিকেট দল ও প্রশাসনে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
তারই জেরে বিশ্বকাপ ব্যর্থতার জন্য অধিনায়কত্ব হারিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা, বরখাস্ত হয়েছেন কোচ ডেভ হোয়াটমোর।
নেতৃত্ব হারালেও মাসাকাদজা জাতীয় দল থেকে বাদ পড়েননি। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার-টেন রাউন্ডে জিম্বাবুয়ে উঠতে ব্যর্থ হওয়ায় কোচের চাকরি হারিয়েছেন ৯৬’এ শ্রীলংকাকে বিশ্বকাপ জেতানো কোচ ডেভ হোয়াটমোর।
এর আগে বাংলাদেশ,পাকিস্তান ও আইপিএল’র দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর।
জিম্বাবুয়ের নতুন অধিনায়ক অলরাউন্ডার গ্রায়েম ক্রেমার। অন্তবর্তী কোচের দায়িত্ব পেয়েছেন সাউথ আফ্রিকান ফাস্ট বোলার মাখায়া এনটিনি ও ব্যাটিং কোচ অলরাউন্ডার ল্যান্স ক্লুসনার। সাবেক অধিনায়ক তাতেন্ডা তাইবু’কে দেয়া হয়েছে নির্বাচক কমিটির আহ্বায়কের দায়িত্ব।
ভারতের বিপক্ষে ১১ জুন থেকে শুরু তিন ওয়ানডে এবং তিন টি-টুয়েন্টি হোম সিরিজ দিয়ে জিম্বাবুয়ে নতুন মৌসুম শুরু করবে।







