বাংলাদেশ-ভারত আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে টিম টাইগার্স। বিশ্বকাপের পর নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয় ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
ভারত সফর শেষ হতে না হতেই আবার আসছে সাউথ আফ্রিকা। এরপরই আসবে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এমন ব্যস্ত ক্রিকেট সূচিকে সামনে রেখে নিজেদের ফিট রাখতে জিমে দীর্ঘ সময় কাটাচ্ছেন তামিম, রুবেল ও ইমরুলরা।
৭ জুন একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ আসছে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।
এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে। এ ম্যাচগুলো হবে ডে-নাইট।






