ভারতের সঙ্গে আজ ম্যাচ জিতলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে। বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আজই জিততে হবে এমন কথা নেই।
‘আজকের ম্যাচটি সহ পরবর্তী পাঁচ ওয়ানডের যেকোনো একটিতে জিতলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে,’ বলে জানিয়েছেন বিসিবি সিইও।
ভারতের সঙ্গে দুই ওয়ানডে এবং সাউথ আফ্রিকার সাথে আসন্ন সিরিজের তিন ওয়ানডের যেকোনো একটিতে জিতলেই চলবে বাংলাদেশের। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। ভারতের বিপক্ষে দুই ম্যাচ ও আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ হেরে গেলে অনিশ্চিত হয়ে পড়বে সেরা আটে থাকা। আশার কথা আগামী তিন মাস ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে ম্যাচ নেই। তাই ক্যারিবীয়দের পয়েন্ট থাকছে ৮৮-ই। আর নয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৭, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে পাকিস্তানের হার সহজ করে দিতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথ।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডে বসবে আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।







