শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের ভাই এনামুলকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
তাকে আটকের সময় ফয়জুরের লুকিয়ে রাখা মোবাইল ফোন এবং ট্যাব উদ্ধার করা হয়।
এর আগে হামলাকারী ফয়জুরকে বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়। সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে তিনি তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শনিবার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।
ওই হামলার ঘটনায় ফয়জুরকে হাতেনাতে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা।







