জানা গেল জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ সিনেমার মুক্তির তারিখ

Street scene in Bangladesh showing a damaged manhole cover and debris, highlighting urban infrastructure issues. Channel i News – চ্যানেল আই নিউজ
ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পাচ্ছে জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’। এইচবিও ম্যাক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে প্রকাশ করা হয়েছে ছবির তিনটি পোস্টার। সেই সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে মুক্তির তারিখ।
পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘জ্যাক স্নাইডারের জাস্টিস লিগের প্রিমিয়ার হবে ১৮ মার্চ, এইচবিও ম্যাক্স-এ।’
‘জাস্টিস লিগ স্নাইডার কাট’ ছবির পেছনে ওয়ার্নার ব্রাদার্সের খরচ হয়েছে ৩০ মিলিয়ন ডলার। ‘জাস্টিস লিগ’ শুরু করেছিলেন স্নাইডার। কিন্তু ব্যক্তিগত কারণে পোস্ট-প্রোডাকশনের মাঝ থেকে বের হয়ে যান তিনি। এরপর হাল ধরেন জশ হিডেন। কিন্তু জশ সিনেমাটিতে অনেক নতুন দৃশ্য যোগ করেন। এত পরিবর্তন দর্শকের পছন্দ হয়নি। পরে নতুন সংস্করণে ‘জাস্টিস লিগ’ সাজানোর দায়িত্ব নেন স্নাইডার। জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ সংস্করণ নিয়ে তাই ডিসি ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহের অন্ত নেই।
জানা গেছে ‘জাস্টিস লিগ: স্নাইডারস কাট’ ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) ছবি। রক্তারক্তি, সন্ত্রাস, অস্বস্তিকর আচরণ, ভাষা এবং যৌনতা থাকবে ছবিতে।
জাস্টিস লিগে বেন অ্যাফ্লেককে ‘ব্যাটম্যান’ চরিত্রে দেখা যাবে। এছাড়াও গাল গাদোত থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে, জেসন মোমোয়া ‘অ্যাকুয়াম্যান’ চরিত্রে, এজরা মিলার ‘দ্য ফ্ল্যাশ’ চরিত্রে এবং রে ফিশার থাকছেন ‘সাইবর্গ’ চরিত্রে।






