জল, স্থল, অন্তরীক্ষ সবখানেই বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত

বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময়ের মাধ্যমে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করলো বাংলাদেশ-ভারত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের প্রধানমন্ত্রী বিদ্যুত আমদানি ও ব্যান্ডইউথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্রমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জল, স্থল, অন্তরীক্ষ সবখানেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত।
পাকাপোক্তই ছিলো সব কিছু, বাকী শুধু এই আনুষ্ঠানিকতা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই প্রান্তে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে আলোচনা করলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে আর ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে। ত্রিপুরা থেকে যোগ দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
দুই দেশের দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লায় একশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং কক্সবাজার থেকে ত্রিপুরায় ব্যান্ডউইথ রপ্তানী কার্যক্রমের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই বিনিময় পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে আরো একটি মাইলফলক।
তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে সংযোগ রয়েছে। ডিজিটাল যোগাযোগ, মানুষে মানুষে সংযোগ, চিন্তা চেতনার সংযোগসহ সব ধরনের সংযোগ স্থাপন হয়েছে। আমরা বিশ্বাস করি, আঞ্চলিক আন্তঃসংযোগ আমাদের আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাকে আরো সম্প্রসারিত করবে। এই যোগাযোগ সড়ক, রেল, বিদ্যুৎ গ্রিড, বিদ্যুৎ বিপণন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে এবং বিবিআইএন কার্যকাঠামোর আওতায় আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।
দারিদ্র্যমুক্ত সমাজ আমরা কেউ একা গড়তে পারি না। সেজন্য যৌথ উদ্যোগ দরকার। আর এক্ষেত্রে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে তা করতে সক্ষম হয়েছি। বরং আমি মনে করি এই দুই দেশের মানুষ যারা এখনো দারিদ্রসীমার নিচে আছে তাদের সবার জীবনমান যৌথভাবে উন্নত করতে পারবো বলে বিশ্বাস করি। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান ও দুই দেশেরই উন্নয়ন। এই অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমি নিশ্চিত আমাদের জনগণের বৃহৎ কল্যাণ সাধনের জন্য ভবিষ্যতে আমরা আরো অনেক আনন্দঘন মুহূর্তের দেখা পাবো।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জল, স্থল, অন্তরীক্ষ সবখানেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। একে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করেন দু’দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে। তিনি বলেন, এমন একটা সময় ছিলো, যখন দুঃখকষ্ট আর সমস্যায় জর্জরিত ছিলো বাংলাদেশ।
এখন বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এখনো আমরা আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দু’দেশ মিলে বিশ্বের সামনে একটি নিদর্শন তৈরি করেছি যে প্রতিবেশিদের সঙ্গে কেমন সম্পর্ক হতে পারে, জল ও স্থলে বাংলাদেশ-ভারত একত্র হয়েই চলেছে আর কাঁধে কাঁধ মিলিয়েই চলছে বলেন মোদি। এখন আমাদের অন্তরীক্ষেও একত্রিত হতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে একত্র হওয়ার দৃঢ় ইচ্ছে রয়েছে ভারতের। পথে যেমন আমরা একত্র, জলে যেমন একত্র, ডিজিটাল দুনিয়ায় একত্র, তেমন অন্তরীক্ষেও আমরা একত্রে এগোতে চাই।
ত্রিপুরায় নির্মিতব্য ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার।






