জমি রক্ষায় কবর খুঁড়ে প্রতিবাদ

জনতা জমি রক্ষার জন্য কবর খুঁড়ে প্রতিবাদ করছে, বেশ কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের রাজস্থানে রাজ্য সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকরা কবর খুঁড়ে অহিংস প্রতিবাদ জানিয়েছেন। অধিগ্রহণ করা জমিতে কৃষকরা ছোট ছোট গর্ত খুঁড়ে তিনদিন ধরে গলা পর্যন্ত মাটির নিচে রেখে প্রতিবাদ করেছেন।
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৪৮তম জন্মদিন ২ অক্টোবর থেকে`জমিন সমাধি সত্যাগ্রহ’ নামে এই ব্যতিক্রমী অহিংস আন্দোলন শুরু হয়।
রাজস্থানের রাজধানী জয়পুর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে নিনদার গ্রামে ব্যতিক্রমী প্রতিবাদের ঘটনা ঘটেছে। কৃষকরা গত ১৭ দিন ধরে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনা বা কথা বলতে আসেনি। তাই তারা বাধ্য হয়ে কবর খুঁড়ে প্রতিবাদের পথ বেছে নেন।
রাজস্থান রাজ্য সরকার হাউজিং প্রকল্পের জন্য কৃষকদের ১৩শ বিঘা জমি অধিগ্রহণের কথা ঘোষণা করে। তার মধ্যে ৬০০ বিঘা জমি এরইমধ্যে অধিগ্রহণ করা হয়েছে।
কৃষকরা বলছেন, নতুন আইন অনুসারে তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেয়া উচিৎ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকদের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৬০ কোটি রুপি ব্যাংকে জমা করা হয়েছে।






