‘দ্য গ্রেটেস্ট’ খ্যাত বিশ্বসেরা বক্সার মোহাম্মদ আলীর জন্ম ১৯৪২ সালের ১৭
জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে। সেখানেই অন্তিম
শয়ানে শায়িত হবেন তিনি। মোহাম্মদ আলীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় সকালে মোহাম্মদ আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পরিবারের এক মুখপাত্র। শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিখ্যাত এ খেলোয়াড়।
অনেক আগে থেকেই শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন মোহাম্মদ আলী। এর মাঝেই পারকিনসন’স ডিজিজে আক্রান্ত হওয়ায় তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। মূলত এ রোগের কারণেই শ্বাসযন্ত্রের সমস্যা আরও বেড়ে যায় আলীর। অসুস্থতা বেড়ে গেলে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।







