জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে ৮৩৪ জনকে নিয়োগের জন্য ২০১৭ সালের ২১ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল করেছেন হাইকোর্ট। সেই সাথে যত দ্রুত সম্ভব নতুন করে ওই পরীক্ষা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া, সুপ্রকাশ দত্ত ও রিপন বড়ুয়া। অন্যপক্ষে ছিল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
২০১৭ সালের ২১ এপ্রিল জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা চ্যালেঞ্জ করে অতুল করসহ ১৫ জন পরীক্ষার্থী নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে ২১ মে হাইকোর্টে রিট করেন।
সে রিটের শুনানি নিয়ে ওই বছরের ২২ মে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।







