অর্থনীতি

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

ছবি: সংগৃহীত

বৈশ্বিক সতর্কতার পরিপ্রেক্ষিতে ঝুঁকি এড়াতে আগেই বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। এরপরও সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটটি। অন্তত দুটি স্থানে স্প্যাম বা সাইবার হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর সেগুলো ঠিক করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।

রবিবার (২৫ অক্টোবর) ছুটির পর ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা সম্ভব হয়নি।

জনতা ব্যাংকের আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটের দুটি স্থানে সাইবার হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো শনাক্ত করে ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ চলছে। আজকের মধ্যেই ওয়েবসাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত সিকিউরিটি প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

সেই সতর্কতার অংশ হিসেবে বাড়তি সুরক্ষার তাগিদে গত বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল যথারীতি চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণের কারণে সেটি আর চালু করা সম্ভব হয়নি।

বিষয়:ওয়েবসাইট জনতা ব্যাংক শিকার সাইবার হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…