জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মায়েদের সন্তানের প্রতি আরও সজাগ হওয়ার পাশাপাশি ভালো বন্ধু হতে অনুরোধ করেছেন তিনি।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এ আহ্বান জানান।
সম্মেলনে আসা নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে নারীরা এসেছেন। তাদের বলবো, জঙ্গিবাদ একটি বিশ্বব্যাপী উপসর্গ। সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে মেয়েরাও সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। মানুষ খুন করে কিভাবে ইসলাম কায়েম হবে জানি না। মেয়েদের বলবো, আপনাদের ছেলে-মেয়েরা কি করে, কোথায় যায়, কার সঙ্গে মিশে, স্কুল-কলেজে যাচ্ছে কি না এগুলো ভালো করে খোঁজ-খবর রাখবেন। সন্তানের জন্য সবচেয়ে বড় বন্ধু হবেন মা। সন্তান যেন মন খুলে সব কথা বলতে পারে সে সম্পর্ক স্থাপন করেন ‘
প্রধানমন্ত্রী বলেন, ‘সন্তানরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু শাসন নয়, আদরও করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি অবাক হই যখন উচ্চ বিত্ত পরিবারের সন্তানরা জঙ্গিবাদ ও সন্তানের পথে যাচ্ছে। সবই পেয়ে গেছে বলে কি তারা বিপথে চলে যাচ্ছে? এক্ষেত্রে সন্তান যাতে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখা।’
এছাড়া বিএনপি-জামায়াতের জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে পাকবাহিনীর মতো নারীদের ওপর নির্যাতন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সময় ডক্টর ইউনূসকে নিয়ে অর্থমন্ত্রী বক্তব্যের সমলোচনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূস দেশের দারিদ্র বিমোচনে ভূমিকা পালন করেননি। বরং দারিদ্র লালন পালন করেছেন। তাই এ ব্যাপারে অর্থমন্ত্রীকে খোঁজ নেয়ারও আহ্বান জানান তিনি।










