ছাত্রাবাসের দাবিতে বুধবার ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ‘হল চাই
আন্দোলনে’র মূখপাত্র। এছাড়া গণমাধ্যমে ভাইস চ্যান্সেলর মিজানুর রহমানের দেয়া বক্তব্যের
প্রতিবাদে তার পদত্যাগও দাবি করে শিক্ষার্থীরা।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়া কর্মসূচিতে পুলিশি বাধার কারণে রাজধানীর ইংলিশ রোডে অবস্থান নেয় হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নাশকতার আশঙ্কায় রায়সাহেব বাজার ও আশপাশের এলাকায় দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছরেও ছাত্রাবাস না পাওয়ায় গত ২২ দিন ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে ক্যাম্পাস থেকে রওনা হয় আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা জানায়, একটি মহিলা হলসহ ১৩টি হল থাকলেও প্রভাবশালীরা তা দখল করে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হলের ব্যাপারে সহায়তা করছে না বলেও অভিযোগ তাদের।

কেন্দ্রীয় কারাগারের পরিত্যাক্ত ওই জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে এই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে ও সড়ক অবরোধ করে ধর্মঘট করছে। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বাহাদুর শাহ পার্ক এলাকাতেও মিছিল করে তারা।







