অসৌজন্যমূলক আচরণের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার ধানুষ্কা গুনাথিলাকা। সাদা বলের ক্রিকেটে ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবেন তিনি। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটও খেলা হচ্ছে না লঙ্কান উদ্বোধনী ব্যাটম্যানের।
ক্রিকইনফোর অনুসন্ধানে জানা যাচ্ছে, ট্রেনিং সেশন ফাঁকি দেওয়ার অভিযোগ আছে গুনাথিলাকার বিরুদ্ধে। ভারতের বিপক্ষে এক ম্যাচে তার ক্রিকেটীয় সরঞ্জামও মাঠে আনেনি তিনি। অনুশীলনের সময় তাকে উগ্র আচরণ করারও অভিযোগ পেয়েছে ক্রিকইনফো। গুনাথিলাকার পাশাপাশি আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে একই রকম অভিযোগ পাওয়া গেছে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের ম্যানেজার অশোঙ্কা গুরুসিনহা ক্রিকইনফোকে গুনাথিলাকার নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ধানুষ্কাকে সাদা বলের ছয় ম্যাচ খেলানো হবে না। তার অসৎ আচরণের জন্যই তাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
গুনাথিলাকার পাশাপাশি লাসিথ মালিঙ্গাও থাকছেন না পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। পড়তি ফর্মের কারণে মালিঙ্গাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে ওয়ানডে দল।








