কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজকে ২৮ রানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বে চ্যাম্পিয়ন হয়েছে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। বুধবার আসরের লো স্কোরিং ফাইনালে সহজেই জয় পায় দলটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল মাঠের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার বিল্লাল হোসেন। ২৫ রান আসে আবু তাইয়ানের ব্যাট থেকে।
৩২ রানে ৪ উইকেট শিকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের রিমন মিয়ার।
১১৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। মিলন হোসেন ১৫, ইমামুল হাওলাদার ১৪ আর রিমন মিয়ার ১৪ ছাড়া আর কেউ বলার মতো রান পায়নি।
১১ রান খরচায় ৫ উইকেট তুলে নেয় গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের অর্ণব দেব নাথ। ফাইনাল সেরার পুরষ্কারও এ বোলারের।
৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের অংশগ্রহণে মে’র প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল।








