মৌচাক বাদ দিয়ে চার চারটি মৌমাছি যে একেবারে তরুণীর চোখের ভেতর বাসা বাঁধবে- সে এক অবিশ্বাস্য বিষয়।
কিন্তু তেমনটাই ঘটেছে তাইওয়ানে। চোখে ভয়াবহ যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ বছর বয়সী এক তরুণী।
ডাক্তাররা ভালো করে পরীক্ষা করে সেখানে দেখতে পেলেন খুবই ছোট আকারের চারটি মৌমাছি। মৌমাছিগুলো রীতিমত খুবলে খাচ্ছিল চোখের ভেতরের অংশ। আর তাই অসহনীয় ব্যথায় কাতরাচ্ছিলেন সে তরুণী।
তবে ভদ্র মহিলার পরিচয় বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি নিজেকে মিসেস ‘হি’ নামে পরিচয় দিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেখানকার ফুইস ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক ডা. হং চাই চিং এ ঘটনাকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, চোখের ভেতর থেকে চার মিলিমিটারের পোকাগুলোর পা ধরে টেনে বের করার সময় বিস্ময় আটকে রাখতে পারি নি। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে তার চোখের ভেতর মৌমাছিগুলো থাকায় চোখে সংক্রমণের সৃষ্টি হয় এবং কর্ণিয়াও ফুলে যায়।
মহিলা ভেবেছিলেন চোখে হয়তো ধূলো-বালি ঢুকেছে। এ ধরণের ছোট মৌমাছিগুলো হ্যালিকটিডে নামেও পরিচিত। তাদেরকে চোখের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসক।
চিকিৎসা শেষে তরুণী হাসপাতাল ছেড়েছেন এবং তিনি এখন সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে।
বিবিসির সৌজন্যে ভিডিওটি দেখুন








