ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে লজ্জায় ডুবিয়েছে ওয়াটফোর্ড। টানা ১২ ম্যাচে জয় না পাওয়া ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে রীতিমত বিধ্বস্ত হয়েছে ব্লুজরা। লিগে আগের ম্যাচেও ঘরের মাঠে ৩-০ গোলে হেরেছিল চেলসি।
১৯৯৫ সালের পর এই নিয়ে টানা দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে তিন বা তার বেশি গোলে হারল চেলসি। এই দুই ম্যাচের আগের ম্যাচে এফএ কাপের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৩-০ গোলে হারে চেলসি।
সোমবার ম্যাচে প্রথমার্ধেই চেলসি দশ জনের দলে পরিণত হয়েছিল। ৩০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টাইমোউ বাকায়েকো। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়াটফোর্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ট্রয় ডিনি।
এরপর ম্যাচে যে গোল হয়েছে সব ৮০ মিনিটের পর। ৮২ মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে ম্যাচে ১-১ সমতা আনে চেলসি। ৮৪ মিনিটে ডারিল জানমাতের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ওয়াটফোর্ড।
ম্যাচের ৮৮ মিনিটে সদ্য সাবেক বার্সা তারকা ডেলেফেউর গোলে ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। (৯০+১) মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন রবার্তো পেরেইরা। ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।
এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্টে টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে চেলসি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।









