চিন্তা যখন ‘শিশিরে’

হেমন্তের বিদায়ী লগ্ন জানান দিচ্ছে শীতের আগমনীবার্তা। কুয়াশা, শিশির, শীতল হাওয়া অনেকের কাছে উপভোগ্য হলেও ক্রিকেট মাঠে ‘শত্রু’ হিসেবেই বিবেচ্য। ম্যাচের ফল ঘুরিয়ে দিতেও ভূমিকা রাখতে পারে শিশির। যা নিয়ে চিন্তা আছে বাংলাদেশ ও উইন্ডিজ দুই ড্রেসিংরুমেই।
শিশিরের প্রকোপ যেন ডালপালা না মেলতে পারে সেজন্য এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। মিরপুরে সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু দুপুর ১টায়। সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু বেলা ১২টায়।
শিশিরের মাত্রা বুঝতে আর কৃত্রিম আলোর সঙ্গে মানিয়ে নিতে শনিবার ম্যাচের আগের দিন স্বাগতিক ও সফরকারী দল অনুশীলন করেছে শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিশিরের প্রকোপ বাড়বে। দ্বিতীয় ইনিংসে যারা বল করবে ক্ষতিটা বেশি তাদেরই। শিশিরে বল ভিজে গেলে গ্রিপ করা কঠিন বোলারদের জন্য। হোম অব ক্রিকেটের অননুমেয় উইকেটের সঙ্গে তাই শিশির-প্রভাব খোরাক যোগাচ্ছে বাড়তি ভাবনার। যদিও সব ধরণের পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকছে বাংলাদেশ।
উপমহাদেশের কন্ডিশনে শীতকালে টস জিতে আগে বোলিংটা করে ফেলতে চান অধিনায়করা। তবে ভিন্ন চিন্তায় মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগার অধিনায়ক মনে করেন ইতিবাচক থেকে আগে ব্যাটিংও করা যেতে পারে। দলের ব্যাটিং লাইন বড় হওয়ায় এমন সাহস দেখাতে চান অধিনায়ক। স্বাভাবিক শিশিরকে হুমকি মনে করছেন না তিনি। তবে শিশিরের প্রকোপ মাত্রাতিরিক্ত হলে তখন বিপদে পড়তে হবে বলেও মানেন মাশরাফী।
‘আমাদের দুইজন স্পিনার(সাকিব ও মিরাজ) আছে, যারা ব্যাটিং করতে পারে। এটা অনেক বড় সুবিধা। এক্ষেত্রে সরাসরি কোনো সিদ্ধান্ত(একাদশ নিয়ে) নেয়া যায়। এই সময়(ডিসেম্বর) আমরা গত বছর বিপিএল খেলেছি। রাতের ম্যাচে শিশির মিরপুরের খুববেশি প্রভাব ফেলেনি। কোনো কোনো ম্যাচে ফেলেছে। এখানে যেটা হয়; কোনদিন ভারী শিশির জমে, আবার কোনদিন কম হয়। আমরা ব্যাটিং করার পর ভারী শিশির পড়লে কঠিন হয়ে যাবে। কম পড়লে সামলানো যাবে।’
‘যে কারণে আমি উপলব্ধি করি আদর্শ হচ্ছে ব্যাটিং আগে করতে পারা। আজ শিশির কেমন থাকে, ফিল্ডিংয়ের সময় অনুমান করতে পারবো। কাল কি অবস্থা হবে তার উপর অনেককিছু নির্ভর করবে। সিদ্ধান্ত আসলে ইতিবাচক হওয়াটাই ভালো।’
মিরপুরে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছে চার স্পিনার। একাদশে ছিল না কোনো পেসার। তবে ওয়ানডে সিরিজে পেসারদের ঘিরেই উইন্ডিজ-বধের পরিকল্পনা মাশরাফীর। রোববার মিরপুরে হতে যাওয়া প্রথম ওয়ানডের একাদশ প্রসঙ্গে অধিনায়ক জানালেন তার ভাবনার কথা।
‘আসলে উইকেট কেমন হবে তার উপর অনেককিছু নির্ভর করে। আমাদের দুইজন(সাকিব ও মিরাজ) আছে যারা ব্যাটিং করতে পারে। পেস বোলার আছে, আমরা তিনজন(পেসার) যদি খেলাই সাথে রিয়াদ(মাহমুদউল্লাহ) আছে, আমাদের অটোমেটিক চয়েস। এশিয়া কাপ থেকেই সে দারুণ বোলিং করছে। এটাও একটা সুবিধা আছে।’
মাশরাফীর কথায় মিলেছে একাদশ গঠনে নিয়ামক হবে শিশির-ভাবনা, ‘যখন শিশির থাকবে এবং সেটি কতটা প্রভাব ফেলবে সেটার উপর অনেককিছু নির্ভর করে, দিন-রাতের খেলায়, বিশেষ করে এ সময়টায়। শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। স্পিনাররা কতটুকু সাহায্য পাবে সেটির ক্ষেত্রে। তবে আমাদের পেস বোলাররাও ভালো করছে। যদি ২০১৫ থেকে দেখেন, আমরা একটা ছন্দে খেলছি। তিনজন পেস বোলার সবসময় খেলছি। এমনকি কখনো চারজন খেলানো হচ্ছে।’
‘যে কারণে টেস্ট ম্যাচের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে ঐভাবে খেলতে হবে। আমি এখনও তিনজন পেস বোলার খেলাব এবং খেলাতে চাই, এটা নিশ্চিত।’
স্বাগতিক দলের চেয়েও শিশির বেশি হুমকি ওয়েস্ট ইন্ডিজের জন্য। সফরকারী দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল জানালেন শিশির নিয়ে চিন্তার কথা, ‘এখানে এটা(শিশির) অনেক বড় বিষয়। এখানে বিপিএল খেলে দেখেছি শিশিরের ভূমিকা। আমরা এটা বিবেচনায় রেখেই আজ রাতে কিংবা কাল সকালে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’






