অদ্ভুতুড়ে

চায়ের চেয়েও ‘হট’!

চায়ের চেয়েও ‘হট’!

ইসলামাবাদের চা বিক্রেতা আরশাদ খান এখন সোশ্যাল মিডিয়ায় ‘হট’ কেক। শুধু পাকিস্তানেই নয়, এর রেশ পড়েছে বৈরী প্রতিবেশী ভারতেও।

কারণ একটাই, রাস্তার পাশের এই চা বিক্রেতা খুবই সুদর্শন।

নীল চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন- এই রকম একটি ছবি কোনো একজন ক্রেতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়।

টুইটারে তার এই ছবি শেয়ার এবং মন্তব্য করছে মূলত ভারত এবং পাকিস্তানের হাজার হাজার মেয়ে।

অনেক নারী এমন মন্তব্যও করছেন- এই চা বিক্রেতা তার চায়ের চেয়েও হট অর্থাৎ গরম। অনেকে লিখছেন – আরশাদই পারেন ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে।

দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও টুইটারে অনেকে মন্তব্য করছেন। মাইকেল কুগলম্যান নামে একজন লিখেছেন – ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত হয়েছে, ইসলামাবাদের একজন চা-বিক্রেতা এখন সবচেয়ে হট-টপিক।

পাকিস্তানের একাধিক টিভি চ্যানেল এই চা বিক্রেতাকে খুঁজে বের করে তার সাক্ষাৎকার প্রচার করছে।

হঠাৎ খ্যাতি পাওয়া এই পাকিস্তানী যুবক আরশাদ খান বলেছেন, চলচ্চিত্রে ডাকা হলে সে একপায়ে খাড়া।

তবে যেভাবে রাতদিন মানুষজন ভিড় করে তার সাথে সেলফি তুলতে চাইছে, তাতে তার চায়ের দোকান বন্ধ হওয়ার জোগাড় হয়েছে।

বিষয়:ভারত-পাকিস্তান উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…