ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন লড়াকু শতরান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল। কোহলির ডাবল এবং মুরালি বিজয়ের শতরানের জবাব দিচ্ছেন দুজন।
ম্যাথুজ ১১১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেও, ক্রিজে আছেন চান্দিমাল। তৃতীয় দিন শেষে ১৪৭ রানে অপরাজিত রয়েছেন চান্দিমাল। এই দুই ব্যাটসম্যানের দাপটে ফলো অন এড়িয়েছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৫৩৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৩৬৫। ভারত ১৮০ রানে এগিয়ে। চান্দিমালের সঙ্গে ক্রিজে সানাদাকান (০)। তবে ম্যাচের মাত্র তৃতীয়দিন শেষ হওয়ায় এখনও শঙ্কায় আছে লঙ্কানরা।
রোববার দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ১৩১। এদিন সকাল থেকেই ম্যাথুজ ও চান্দিমাল ভাল ব্যাটিং করছিলেন। তাদের জমাট রক্ষণ ভেদ করতে পারছিলেন না মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, অশ্বিনরা। অবশেষে অশ্বিন একটা সাফল্য পান।
এখন ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারতের জয়ের সম্ভাবনার বদলে শ্রীলঙ্কা হার এড়ানোর আশা দেখছে। এই ম্যাচ ড্র হলেও অবশ্য ভারতের কোনও ক্ষতি নেই। কারণ, দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে এগিয়ে বিরাট কোহলিরা। ফলে এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে ভারতই।







