ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে শিক্ষকসহ ৩ জনের জেল

দিনাজপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে এক স্কুল শিক্ষকসহ তিন জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় জড়িতদের মধ্য থেকে ৩ জনকে জেল-জরিমানা করে।
দণ্ডিতরা হল: বিরল উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ১০ নং রানীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম, একই গ্রামের আব্দুল কাইয়ুম এবং রায়হান।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: শুক্রবার দুপুরে রায়হানকে এবং সন্ধ্যায় অপর দু’জনকে আটক করা হয়। পরে সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর পশু জবাই আইনে তাদের সাজা দেন।
কাইয়ুম আর শফিকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রায়হানকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনাটি বিরল প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। ঘোড়া জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে রায়হানকে আটক করে। পরে সন্ধ্যায় এ ঘটনার হোতা শফিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুমকেও আটক করতে সক্ষম হয়।







