বলিউডের এই সময়কার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন। একের পর এক সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জাত চিনিয়েছেন। সেই সাথে বলিউডের রাণী হিসেবেও খ্যাত তিনি। সম্প্রতি এই বলিউড ডিভা ‘গ্লোবাল বিউটি স্টার’ সম্মাননা পেয়েছেন।
বিশ্বজুড়ে তার জনপ্রিয়তার কথা বিবেচনা করে গ্লোবাল বিউটি প্রডাক্ট ব্র্যান্ড ইলি ‘ইলি বিউটি অ্যাওয়ার্ড ২০১৮’ আয়োজনে ওই সম্মাননা দিয়েছে তাকে।
অনুষ্ঠান মঞ্চে দীপিকা এসেছিলেন গৌরী এবং নাইনিকারের ডিজাইন করা একটি রূপালি রংয়ের গাউন গায়ে। যাতে অপূর্ব লাগছিল ‘পদ্মাবত’ খ্যাত এই নায়িকাকে।
বিখ্যাত টাইম ম্যাগাজিন দীপিকাকে রেখেছে বছরের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়। যেটি তার জন্য অনেক সন্মানের। এরকম আরেকটি সফলতার পালক তার ঝুলিতে জমা হলো।
এ বছরটা অনেক সুন্দরভাবে শুরু করেছেন দীপিকা। বছরের শুরুতে মুক্তি পায় তার বিখ্যাত ‘পদ্মাবত’ ছবিটি। যেটি বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে। এছাড়াও কথা চলছে তার পরবর্তী কাজ নিয়ে, যার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় দেখা যাবে দীপিকাকে। মেঘনা গুলজারের পরিচালনায় এসিড দগ্ধ এক মেয়ের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত হবে এই ছবিটি। যদিও ছবিটির নাম এখনো ঠিক হয়নি। যেখানে অ্যাসিড দগ্ধ মেয়ে লক্ষীর চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।








