শীর্ষ তিনের সবাই ছিলেন বিশ্বকাপজয়ী। তাতে ট্রফি জেতাটা কঠিনই ছিল। কঠিন লড়াইটা জিতে ফ্রান্সের বর্ষসেরা হয়েছেন কাইলিয়ান এমবাপে। সতীর্থ অ্যান্থনিও গ্রিজম্যান ও রাফায়েল ভারানেকে টপকে বছরের সেরা হন পিএসজি তারকা।
মঙ্গলবার ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন এমবাপেকে সেদেশের সেরা ফুটবলার নির্বাচিত করে। এই ম্যাগাজিনের বিচারেই কয়েকদিন আগে ঘোষিত ব্যালন ডি’অরে সেরা তরুণ খেলোয়াড়ের কোপা অ্যাওয়ার্ড জেতেন তিনি।
গত ১২ মাসে দেশ ও ক্লাবের হয়ে দারুণ সময় কাটিয়েছেন ২০ বছরের এমবাপে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপের পাশাপাশি পিএসজির জার্সিতে ঘরোয়া ট্রেবল জেতেন সময়টাতে।
ব্যক্তিগত পারফরম্যান্সে ২০১৮ সালে এমবাপে ছিলেন দুর্দান্ত। ক্লাবের হয়ে ৩০ গোল করে অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের পুরস্কার কোপা ট্রফি জেতেন। ব্যালন ডি’অরে হন চতুর্থ। এবারের ব্যালন ডি’অর জেতেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।
ফ্রান্সের বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমাবাপে। ফাইনালসহ মোট চার গোল করেছিলেন।








