চিলিয়ান উইঙ্গার অ্যালেক্সিস সানচেজকে এবারের গ্রীষ্ম মৌসুমের দলবদলে ছেড়ে দিতে আগ্রহী আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এমন খবর দিয়েছে। গানারদের বস আর্সেন ওয়েঙ্গারও নাকি চাচ্ছেন না সানচেজকে। অন্যদিকে অ্যান্তোনিও গ্রিজমান ও পাওলো দিবালাকে দলে ভেড়াতে মরিয়া স্পেশাল ওয়ান হোসে মরিনহো।
আর্সেনালের শেষ দুই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সমন্বয়ের জন্য সানচেজকে একাদশে রাখেননি ওয়েঙ্গার। গুঞ্জন ডানাপালা মেলছে সেখান থেকেই। যদিও সানচেজের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে আর্সেনালের।
সানচেজ কোথায় যেতে আগ্রহী সে ব্যাপারে অবশ্য মুখ খোলেনি তার এজেন্ট। আগ্রহীদের তালিকায় আলোচনায় আছে লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেইনের নাম। তবে সানচেজের বদলিও নাকি ভেবে রেখেছে আর্সেনাল। মার্কো রিউসকে কিনতে আগ্রহী তারা।
চিলিয়ানকে বিদায় করতে পারলেও শান্তি মিলছে না খোদ কোচ আর্সেন ওয়েঙ্গারেরই। তাকেই যে বিদায় জানাতে চায় আর্সেনাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রি’র সঙ্গে তাদের কথা এগিয়েছে বলেও আলোচনা বাড়ছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের দুই মিডফিল্ডার টনি ক্রুস ও রাফায়েল ভারানেকে দলে ভেড়াতে চাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। এছাড়াও গ্রীষ্মের দলবদলে বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছেন ইউনাইটেড বস।
প্রথম লক্ষ্য অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা অ্যান্তোনিও গ্রিজমানকে দলে ভেড়ানোর। যদি গ্রিজমানকে না পাওয়া যায় তবে ৮০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেনকে দলে টানতে লড়বে ম্যানইউ। জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকেও দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।










